নিজস্ব প্রতিবেদকঃ
মরণব্যাধি করোনা সংকটের কারণে রাজশাহীর বাঘায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য সকল দোকান ও যানবাহন বন্ধ রয়েছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছে। এসব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক বিতরণের পর এবার খাবার পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বুধবার (০১/০৪/২০২০) সকালে বাঘা পৌর এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে দুঃস্থদের মাঝে ১০ কেজি চা‘ল, ১ কেজি ডা‘ল ও ২ কেজি আলু প্যাকেট করে পৌঁছে দিতে দেখা গেছে বাঘা পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু ও পৌর যুবলীগের সভাপতি শাহিন আলমকে। প্যাকেটে লেখা রয়েছে- “করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহায়তা করুন।”
নিম্ন আয়ের মানুষদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিতে প্রতিমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঘার সর্বস্তরের মানুষ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, করোনা সংকটের কারণে বাঘা উপজেলার নিম্ন আয়ের লোকজন সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মানতে গিয়ে চরম বিপাকে রয়েছে। তাদের মাঝে সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় সাংসদ শাহরিয়ার আলমের ব্যক্তিগত উদ্যোগে খাবার বিতরণ কার্যক্রম চলছে।
বুধবার বাঘা পৌর এলাকায় ১ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাবার পৌঁছে দেয়া হয়। আগামীকাল ও পরশু উপজেলার বাজুবাঘা ইউনিয়নসহ পর্যায়ক্রমে আরো সকল ইউনিয়ন ও আড়ানী পৌর এলাকায় খাবার সামগ্রী পৌঁছে দেয়া হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।





