পান্না, রাজশাহী ব্যুরো :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চার দিনব্যাপী ৯ম ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) আয়োজনে বৃহস্পতিবার শুরু হওয়া এ সম্মেলন চলবে ১৯ এপ্রিল পর্যন্ত।
সম্মেলনে দেশ-বিদেশের ৫০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য, ‘বৈশ্বিক বহুমুখীকরণের প্রেক্ষাপটে ন্যায়সংগত বাজারনীতি কাঠামোর মাধ্যমে অর্থনৈতিক জবাবদিহিতা প্রতিষ্ঠা’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. মাঈন উদ্দিন। এই সম্মেলনে আটটি কমিটিতে বিভক্ত হয়ে প্রতিনিধিরা বাজারনীতি, অর্থনৈতিক জবাবদিহিতা ও সমসাময়িক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা করবেন।

সম্মেলনে অংশগ্রহণকারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী মো. রোহান বলেন, আমি এর আগেও এরকম সম্মেলনে অংশ নিয়েছি। এ সম্মেলন আমাদের আন্তর্জাতিক বিষয়ে দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও শক্তিশালী কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরি হবে বলে আশা করছি।
